Sylhet Today 24 PRINT

ভাবির সাথে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

সিলেটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে খাবারের মান নিয়ে ভাবীর কথা-কাটাকাটির জের ধরে বড় ভাইয়ের মারধরের ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে এ মারধরের ঘটনা ঘটে।

পরে আজ শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কামিল আহমদ নামে ছোট ভাইর। নিহত কামিল আহমদ (২৫) মনতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ভাই অভিযুক্ত জাকির আহমদ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্ত্রী বাদী হয়ে তাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

তখন জাকির রাগের বশবর্তী হয়ে কাঠের টুকরো দিয়ে কামিলের মাথায় আঘাত করেন। পরে আহতাবস্থায় কামিলকে পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী চারখাই এলাকার একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন।

পরে শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জাকির আহমদকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন । মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে আসামিকে গ্রেফতার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.