কুলাউড়া প্রতিনিধি | ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী ও কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু।
১৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের উত্তরবাজারস্থ সাপ্তাহিক সীমান্তের ডাকের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি তাঁর এ আগ্রহের কথা জানান।
আব্দুল বাছিত বাচ্চু বলেন, বিগত ২০০৩ ও ২০১১ সালের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ২য় হয়েছিলেন। হাজিপুর ইউনিয়নের ৪২টি গ্রামের জনসাধারণ আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করছেন।
এরই প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের দেড় সহস্রাধিক লোকের মধ্যে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের দাবি জানান।
তৃণমূল নেতাকর্মীদের এ দাবির কথা তিনি ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী, যুগ্ম সম্পাদক এম এ মুকিত, জেলা বিএনপি নেতা অ্যাড. আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক রেদোওয়ান খাঁন, অপরাংশের সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে বিষয়টি অবগত করেছেন।
তিনি বলেন কেন্দ্রীয় বিএনপি প্রার্থিতা মনোনয়নের যে কাঠামো ঘোষণা করেছে তাতে কুলাউড়ায় তৃণমূল নেতাকর্মীদের পছন্দের প্রার্থী বাছাইয়ে যোগ্য প্রার্থীর মূল্যায়ন না হতে পারে। কারণ এই উপজেলায় বিএনপির নেতৃবৃন্দরা দ্বিধাবিভক্ত। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভার মাধ্যমে বিএনপির প্রার্থী বাছাইয়ের জন্য জেলা ও বিএনপির হস্তক্ষেপের কামনা করেন তিনি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হাজিপুর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাহির উদ্দিন, প্রবীণ বিএনপি নেতা আখলিম মিয়া, ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল মুহিত, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কটারকোনা শাখার সভাপতি আব্দুন নুর, বিএনপি নেতা কয়ছর আহমদ, আমরুজ আলী, জুনাব আহমদ তালুকদার, মো. আলমগীর হোসেন, আমরু মিয়া প্রমুখ।