Sylhet Today 24 PRINT

সিলেটে পুড়ে যাওয়া মন্দিরে গিয়ে গীতা উপহার পুলিশ কমিশনারের

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট নগরসংলগ্ন তারাপুর চা-বাগানের পুড়ে যাওয়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দির পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তিনি মন্দিরের দায়িত্বশীলদের কাছে দেবদেবীর চিত্রপট ও হিনদুদের ধর্মীয়গ্রন্থ গীতা উপহার দেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিলেট সদর উপজেলাধীন ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরটি পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।

মন্দির পরিদর্শন শেষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পাঠাই। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসে পরিদর্শন করেন। এ ঘটনায় একটি মামলাও হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে। আমরা জানতে পেরেছি, মন্দিরে থাকা দেবদেবীর প্রতিকৃতি ও পবিত্র ধর্মগ্রন্থ গীতা পুড়ে গেছে। তাই সমবেদনা জানাতে এবং নতুন দেবদেবীর প্রতিকৃতি ও ধর্মীয় গ্রন্থ উপহার দিতে আমরা এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে তদন্ত চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.