Sylhet Today 24 PRINT

৪৬তম বিসিএস শিক্ষা (বাংলা) ক্যাডারে প্রথম হলেন এসআই মো. আব্দুর রাকিব

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

এসআই মো. আব্দুর রাকিব

৪৬তম বিসিএস শিক্ষা (বাংলা) ক্যাডারে সারাদেশে প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এসআই মো. আব্দুর রাকিব।

পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি একাডেমিক প্রস্তুতির মাধ্যমে এই অসাধারণ সাফল্য অর্জন করে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বর্তমানে তিনি র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, ঢাকায় কর্মরত আছেন। এর আগে জুড়ী ও বড়লেখা থানায় দীর্ঘদিন সুনামের সঙ্গে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে দায়িত্ব পালন করেন। কঠোর ও শৃঙ্খলাবদ্ধ পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিসিএস প্রস্তুতি চালিয়ে যান অবিচল নিষ্ঠায়।

মো. আব্দুর রাকিব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী ও অধ্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি তার একাডেমিক দক্ষতার স্বাক্ষর রাখলেন জাতীয় পর্যায়ে।

সিলেট জেলার জালালাবাদ থানার দুসকী আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা রাকিব তার এই সাফল্য উৎসর্গ করেছেন মা-বাবার প্রতি।

আলাপকালে তিনি বলেন, “আমার এই সাফল্য আমি আমার মা-বাবাকে উৎসর্গ করেছি। এছাড়াও যারা আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। পুলিশি জীবন থেকে অর্জিত জ্ঞান জাতি গঠনে আমাকে উদ্বেলিত করবে। আমি সকলের কাছে দোয়াপ্রার্থী।”

তার এই অর্জনে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থেকে শিক্ষা ক্যাডারের শীর্ষে ওঠার এই যাত্রা তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.