Sylhet Today 24 PRINT

মন্ত্রী হয়ে কাল সিলেট আসছেন আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার পাঁচদিনের সফরে সিলেট আসছেন আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার ইউএস বাংলা এয়ারের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন নতুন এই শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচী থেকে জানা যায়, বৃহস্পতিবার সিলেটে এসে প্রথমে সার্কিট হাউসে যাবেন আরিফুল হক। বৃহস্পতিবার তার আর কোন কর্মসূচী নেই।

শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন।

এরপর শনিবার সকালে মৌলভীবাজারে যাবেন। সকালে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন, পরে বরূনা মাদ্রাসা পরিদর্শন ও পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাত রেবেন, দুপুর আড়াইটায় দাদা-দাদীর কবর জিয়ারত করবেন, এরপর কমলগঞ্জ থেকে সিলেটে নিজের বাসায় আসবেন।

রোববার সকাল থেকে সারাদিন নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পরিদর্শনে যাবেন নতুন এই মন্ত্রী। তিনি পর্যায়ক্রমে এই তিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় করবেন।

রোববার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার নেতৃবৃন্দ, গণমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সুধিকজনদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুরে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। এরপর মঙ্গলবার তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.