Sylhet Today 24 PRINT

একুশের প্রভাতে শ্রুতির বর্ণমালার মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৬

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছরের মত এবারও সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজন করেছে বর্ণমালার মিছিলের। অনুষ্ঠানমালায় ছিল একুশের গান, কবিতা পাঠ ও বর্ণমালার মিছিল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ২০২৬ সকালে নগ্ন পায়ে একুশের সুরে বর্ণমালার মিছিল শুরু হয়। সবার হাতে হাতে ছিল বর্ণমালা আর কণ্ঠে ছিলো একুশের গান। সূর্যোদয়ের পরপরই গৌরবের বাংলা বর্ণমালা হতে নিয়ে খালি পায়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা শ্রদ্ধার্ঘ্য প্রদান করে শহীদ বেদীতে।

বর্ণমালা হাতে বর্ণমালার মিছিলে বারবার উচ্চারিত হয়েছে সেই সব শহীদর আত্মদানের কথা যাদের আত্মত্যাগের ফলে আমরা বাংলায় মা কে ‘মা’ বলে বলতে পারছি।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত। অর্চিতা ভট্টাচার্য এবং ঐশ্বর্যা কুন্ডু শ্রেয়ার পরিচালনায় একুশের গান ও কবিতায় অংশ নেন শিল্পীরা। বর্ণমালার মিছিলে উপস্থিত ছিলেন সিলেটের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

বক্তব্যে বক্তারা বলেন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মাথা নত না করার চির প্রেরণার অমর একুশের এ দিনে সারা বিশ্বের কোটি কণ্ঠে উচ্চারিত হচ্ছে একুশের অমর শোকসংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.