Sylhet Today 24 PRINT

সিলেটের প্রথম শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটের প্রথম শহিদ মিনার নামে পরিচিত “৮ই”-তে একুশের দুপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পরিবেশ ও ঐতিহ্য নিয়ে কাজ করা দুইটি সংগঠন। বেলা বারোটায় সিলেট-তামাবিল সড়কের পাশে সিলেট সরকারি কলেজে অবস্থিত এই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখা এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট।

এ সময় উপস্থিত ছিলেন “৮ই” নামে খ‍্যত এই শহিদ মিনারের অন্যতম প্রতিষ্ঠাতা ও নকশাবিদ হায়দার হোসেন চৌধুরী (মুক্তা), ধরা সিলেট শাখার আহ্বায়ক ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার) ও সদস‍্য সচিব আব্দুল করিম কিম, অর্কিড সোসাইটি সিলেটের সাবেক সভানেত্রী শিরিন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন ও গোলাম সোবহান চৌধুরী, সামাজিক সংগঠক অরুপ শ‍্যাম বাপ্পী ও রেজাউল কিবরিয়া (লিমন), গণমাধ্যমকর্মী রোমেনা বেগম রোজী, পরিবেশকর্মী সোহাগ তাজুল আমিন ও নাট‍্যকর্মী নাহিদ পারভেজ বাবু প্রমুখ।

সিলেট সরকারি কলেজের সীমানার ভেতরে দুই ফুট উঁচু কালো বেদীর উত্তর প্রান্তে লাল কালো রঙে সিমেন্টের প্রলেপে তৈরি সংখ্যা ‘৮’ ও বাংলা অক্ষর ‘ই’। সাদামাটা এই স্থাপনার নাম ‘৮ই’। এটিই হচ্ছে সিলেটে ভাষা আন্দোলন ও ভাষাশহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার। ১৯৬৭ সালে ২১ ফেব্রুয়ারি সামনে রেখে সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে এটি নির্মাণ করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.