Sylhet Today 24 PRINT

সিলেটে অভিযানে গিয়ে তোপের মুখে ভোক্তা অধিকারের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটে ভোগ্যপণ্য তদারিকর অভিযানে নেমে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের তোপের মুখে পড়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরীর শিবগঞ্জ এলাকার এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোক্তা অধিকার কর্মকর্তারা শিবগঞ্জের মাংসের দোকানগুলোতে অভিযান চালান। এসময় তারা অতিরিক্ত দাম নিলে বড় ধরনের জরিমানা আদায়ের হুমকি দিলে মামুন মিয়া মাংসের দোকানের কয়েকজন কর্মচারী তেড়ে এসে কঠোর ভাষায় আক্রমন করেন।

তবে কোনো ধররেন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

তিনি জানান, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে সতর্ক করতে গিয়েছিলাম। তখন কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারী উচ্চবাচ্য করে নির্ধারিত মূল্যের ব্যাপারে তাদের আপত্তির কথা তুলে ধরে। আমরা তাদেরকে সিটি করর্পোরেশনের কাছে তাদের আপত্তির কথা জানাতে বলি।

তিনি বলেন, এরপর আমরা মাইকিং করে জানিয়ে দেই, সিটি কর্পোরেশন গরুর মাংসের প্রতি কেজি সাড়ে ৭শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি দামে বিক্রি করলে বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শনের ব্যাপারেও তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবার সিটি করপোরেশন প্রতি কেজি গরুর মাংসের দাম নির্ধারণ করেছে ৭৫০ টাকা। এছাড়াও মহিষের মাংস ৬৫০, খাসির ১১০০, ছাগল ও ভেড়ার মাংস প্রতিকেজি ১ হাজার টাকা নির্ধারণ করেছে। সোনালী মুরগী ৩১০ এবং পোল্ট্রি মুরগী ১৭০ টাকা প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.