Sylhet Today 24 PRINT

লন্ডন প্রবাসী শফি হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৬

লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এই হত্যার মূল রহস্য উদঘ্টনের কথাও জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার মামলার প্রধান আসামি জকিগঞ্জের বাসিন্দা সাব্বির আহমেদ(২১) কে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ২নং আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন(২০) কে নারায়নগঞ্জের পূর্বাচল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একইদিনে অপর আসামি তাহিরুল হক(২০) কে তার শ্বশুর বাড়ি লালাগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত সেই মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

এরআগে গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর বিলপাড় থেকে লন্ডন প্রবাসী বোরহান উদ্দীন শফির (৫৯) সম্পূর্ণ আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে জকিগঞ্জ থানায় দুদিন পর মামলা দায়ের করা হয়। ১৮ ফেব্রুয়ারি মামলাটি পুলিশের জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাব্বির ও শোভন আদালতে দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো: আনোয়ার হোসেন জানান, প্রথমিক তদন্তে জানা যায় মূলত: ব্যক্তিগত দ্বন্দের জের ধরে শফিকে হত্যা করা হয়েছে। মামলার অন্যান্য আলামত জব্দ ও আসামী গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

জানা যায়, নিহত বুরহান উদ্দিন শফি (৫৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, নিহত বুরহান উদ্দিন শফি লন্ডন প্রবাসী ছিলেন। তিনি গত ৩০ জানুয়ারী সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.