Sylhet Today 24 PRINT

নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা

শ্রীমঙ্গল প্রতিনিধি: |  ২২ ফেব্রুয়ারী, ২০২৬

"উঠে পড়ো, প্রার্থনা করো"—পবিত্র বাইবেলের এই মূলসুরকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা পুঞ্জিতে সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারিয়ান খ্রিষ্টীয় মণ্ডলীর ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সমবেত প্রার্থনা ও বিদায়ী সংগীতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আধ্যাত্মিক আয়োজনের সমাপ্তি ঘটে।

​শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারি ও সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহযোগিতায় নিরালা প্রেসবিটারিয়ান মণ্ডলীর আয়োজনে এই সভায় প্রধান আকর্ষণ ছিল খাসিয়া সম্প্রদায়ের প্রায় ৫ হাজার ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গত শুক্রবার থেকে নিরালা খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন মডারেটর পালক রেভা. এবরিসন পতাম।

​বিশেষ অতিথি তেনজিং ঘোষ ভক্তদের উদ্দেশে যিশুখ্রিষ্টের বাণী তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালক রেভা. জি রাজমুসেন, রেভা. এব্রিংটন প:লং, মন্ডলীর ডিকন সামুয়েল ধার, আরন মানার, শাকিল পামথেত, লবিং সাআট এবং খাসি প্রেসবিটারিয়ান ট্রাষ্ট সম্পাদক লুকাস রংসাই সহ মণ্ডলীর অন্যান্য নেতৃবৃন্দ। ধর্মীয় আলোচনার পাশাপাশি ১০টি সাংস্কৃতিক দলের পরিবেশিত খ্রিষ্টীয় সংগীত সভায় ভিন্ন মাত্রা যোগ করে। সমাপনী বক্তব্যে নিরালা পুঞ্জি প্রেসবিটারিয়ান মণ্ডলী এবং পুঞ্জির পক্ষ থেকে এলভিস পতাম আগত সকলকে ধন্যবাদ জানান।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত অংশগ্রহণ বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে বার্ষিক এ আয়োজনের সমাপ্তি ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.