দোয়ারাবাজার প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার পাইকপাড়া গ্রামের অটোচালক নাঈম আহমেদ (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নাঈম আহমেদের পিতা মুফাজ্জল হোসেন ঘুম থেকে উঠে বাড়ির পাশে অটোরিকশার চার্জিং লাইন খুলতে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান। পরে পরিবারের কান্নাকাটি ও চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম আহমেদ পেশায় একজন অটোচালক ছিলেন এবং এলাকায় সহজ-সরল যুবক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের দাবি, তার চলাফেরায় এমন কোনো আচরণ লক্ষ্য করা যায়নি যা আত্মহত্যার ইঙ্গিত দেয়। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, পারিবারিক কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল বলে শোনা যাচ্ছে। তবে এসব তথ্যের সত্যতা সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পিতা-মাতার জবানবন্দি ও মরদেহের আলামতের মধ্যে কিছু অসামঞ্জস্য থাকায় পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করলেও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।