জগন্নাথপুর প্রতিনিধি | ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্নাঘরের আগুন থেকে ৫ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতা গ্রামের আরজু মিয়ার বসত বাড়ির রান্না ঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে পার্শ্ববর্তী আজিজ মিয়া ও কদরিছ মিয়াসহ আরও ৪ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন গ্রামবাসী। ততক্ষণে ওই তিনটি পরিবারের ঘরসহ আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আরজু মিয়ার ছেলে সহিদ মিয়া জানান, আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, আরজু মিয়ার রান্না ঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় বিদ্যুতের সংযোগ চালু থাকায় আগুন দ্রুত বাকি ৪ ঘরে ছড়িয়ে পড়ে। এতে করে ওই ৫ পরিবারের সবকিছু আগুনে পুড়ে গেছে।