Sylhet Today 24 PRINT

রাতেও যেন সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে, এটি নিশ্চিত করতে হবে: এম এ মালিক

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। রাতেও যেন সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে, শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে নির্বিঘ্নে চলাচল করতে পারে—এটি আমাদের নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, কৃষি ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে এমপি বলেন, অপরাধ ও মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয় আইনমন্ত্রীর নজরে আনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। তাই সকলের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই আমার দায়িত্ব।”

কৃষি উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, কৃষকদের স্বার্থে খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন জরুরি। খাল পুনরুদ্ধারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সভায় তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার ওপরও জোর দেন সংসদ সদস্য। তিনি বলেন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হয়।

এ সময় তিনি জানান, এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরবেন। আগামী পাঁচ বছর এলাকাবাসীর পাশে থেকে সার্বক্ষণিক কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.