Sylhet Today 24 PRINT

সিলেটে ছিনতাই ও জুয়া খেলার অভিযোগে আটক ৬

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট নগরে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা ও জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

এরমধ্যে নগরের তালতলা থেকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুইজনকে এবং মেন্দিবাগ এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পৃথক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দিনদুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর তালতলাস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছোরা ও ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার বাইপাস এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ইকবাল হোসেন শফিক (২৭) ও কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চিকনিচর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবু রায়হান আব্দুল্লাহ (২৬)। আবদুল্লাহ নগরীর মেজরটিলার সৈয়দপুর কালা মিয়ার কলোনিতে বসবাস করতো।

সিলেটঅতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অটোরিকশায় এসে ছোরা ধরে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

অপরদিকে, বুধবার বিকালে মেন্দিবাগের জালালাবাদ গ্যাস অফিসের সামনা থেকে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।

তারা হলেন, ওই এলাকার ছালিক আহমদের ছেলে শরিফ আহমদ তারেক (২৬), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া জহিরকোনা এলাকার মৃত হারিস মিয়ার ছেলে বর্তমানে নগরীর সাদারপাড়া বাসিন্দা মো. জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর এলাকার মঙ্গল মিয়ার ছেলে বর্তমানে নগরীর মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. জামিল ও কোতোয়ালি থানার সোনাতলা সবুজ-২৫নং বাসার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শহীদ।

শিলং তীরজুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে ৪ জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.