Sylhet Today 24 PRINT

সিসিক নির্বাচন: এবার মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত কাইয়ুম চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট-এর সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন।

এরআগে গত বৃহস্পতিবার রাতে সিলেটটুডের সাথে আলাপকালেও মেয়র পদে প্রার্থী হবেন বলে জানান কাইয়ুম চৌধুরী।

জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ সিটিতে মেয়র পদে বিএনপির একাধিক নেতা প্রার্থী হতে ইচ্ছুক। সিসিকের মেয়র পদে এতোদিন বিএনপির প্রার্থী হিসেবে যাদের নাম আলোচিত হচ্ছিলো সে তালিকায় ছিলো না জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর নাম। তবে কাইয়ুম চৌধুরী প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পরই বদলে যায় পরিবেশ। আলোচনায় ওঠে আসে তাঁর নামও।

এবার কাইয়ুম চৌধুরীও সরাসরি প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন।

শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দল একটি সুপরিকল্পিত কর্মসূচির অংশ হিসেবেই আমাকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। বলা যায়, এটি একটি ড্রেস রিহার্সেল। সিলেট সিটির সার্বিক অবস্থা বোঝা এবং নগরবাসীর সমস্যা সম্পর্কে বাস্তব ধারণা নিতেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নগরীর আইন-শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন, যানজট নিরসনসহ নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সিলেট নগরীর প্রকৃত চিত্র জানতে মাঠপর্যায়ে কাজ করা জরুরি। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে নগরবাসীর প্রত্যাশা ও সমস্যা কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। আর এভাবেই নিজেকে তৈরি করছি।’

এরআগে বৃস্পিতিবার রাতে তিনি সিলেটটুডেকে বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমি সবসময়ই জনগনের সাথে ছিলাম। জনগনের সেবা করার ইচ্ছা আমার রয়েছে। এবার প্রশাসকের দায়িত্বে সে সুযোগ পেয়েছি। আমি নির্বচনের মাধ্যমে এই নগরের সেবার সুযোগ পেলে এবং দল চাইলে আমি অবশ্যই তা গ্রহণ করবো।

উল্লেখ্য, বুধবার সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.