Sylhet Today 24 PRINT

ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা দেবে সরকার: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০২৬

ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৭ মার্চ) সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য এ প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

তিনি বলেন, প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ।

এ সময় ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের সহায়তা করারও প্রতিশ্রুতি দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় সেখানকার বাংলাদেশিদের বিষয়ে কী উদ্যোগ নেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন আমরা যৌথভাবে কাজ করছি। যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়ামাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করে নিয়মমাফিক প্রক্রিয়া মেনে এগোনো হচ্ছে। যুদ্ধপরিস্থিতি চলমান দেশগুলোয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

এর আগে হোলি উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.