Sylhet Today 24 PRINT

তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি।

শুক্রবার থেকে জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসানো, বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি করার কথা জানিয়েছেন সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা হচ্ছে। এ সুযোগে সীমান্ত দিয়ে অধিক মুনাফার আশায় এক শ্রেণির অসাধু পাচারকারী গোপনে তেল পাচারের চেষ্টা করতে পারে। এমন আশঙ্কায় সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি এলসি পয়েন্টে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশগামী পাথর ও কয়লা বোঝাই বড় ট্রাক ও ডাম্পারগুলো আনলোড করার পর পার্শ্ববর্তী দেশে ফেরার সময় যাতে অবৈধভাবে জ্বালানি তেল পাচার করতে না পারে, সেজন্য কঠোর তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফা অর্জনের উদ্দেশে জ্বালানি তেলের মজুত ও পাচারের চেষ্টা করতে পারে। এ জন্য সীমান্তে সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.