বিয়ানীবাজার প্রতিনিধি | ০৭ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনার খবরে এবং তেলের দাম বাড়ার ভয়ে বিয়ানীবাজারে ফিলিং স্টেশনগুলোতে ভিড় বেড়েছে। ক্রেতারা ড্রামে তেল সংগ্রহ করছেন, তবে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষোভও প্রকাশ করছেন।
উপজেলার মাহমুদ ফিলিং স্টেশনে সকাল থেকে ভিড় দেখা গেছে। মোটরসাইকেল ও তেলে চলা বিভিন্ন যানবাহনসহ অনেক ক্রেতা ড্রামে তেল সংগ্রহ করছেন। তবে কিছু অসাধু ব্যবসায়ী ও মজুতদার কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।
পৌরশহরের সুপাতলায় তেল নিতে এসে হাবিবুর রহমান জানান, “ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার খবর এবং বিভিন্ন তেল শোধনাগারে হামলা, সঙ্গে হরমুজ প্রণালীর বন্ধ হওয়ার খবর শুনে এখনই তেল মজুত করছি। কয়েকদিন তেল চালাতে হবে, পরিস্থিতি স্থিতিশীল হলে পরে আবার নেওয়া যাবে। এখন না নিলে দাম বাড়লে আমাদের লোকসান হবে।”
স্থানীয় বেশিরভাগ পাম্পে গ্রাহকদের ভিড় দেখা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত থেকে এসব পাম্পে দীর্ঘ সারি পড়ে যায়।
মোটরসাইকেলে তেল নিতে আসা সাইমন ও রনি জানান, হঠাৎ শুনেছেন কাল থেকে তেল নাও পাওয়া যেতে পারে। তাই তাড়াহুড়ো করে বাইক নিয়ে এসেছেন। এমনি সময়ে সাধারণত ট্যাংক ফুল লোড না দিলেও পরে পাওয়া যাবে না আশঙ্কায় আজ ফুল লোড দিতে চেয়েছেন তারা। কিন্তু ২০০-৫০০ টাকার বেশি দিচ্ছে না।