Sylhet Today 24 PRINT

দিনভর দূর্ভোগ দিয়ে সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করলো অটোরিকশা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

দিনভর নগরজুড়ে মানুষের দূর্ভোগ ভোগান্তির পর সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। সন্ধ্যায় জেলা প্রশাসকের সাথে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক জয়নাল আবেদীন দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা সিএনজি অটোরিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া হোসেন।

'পুলিশি হয়রানির' প্রতিবাদে শনিবার রাতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয় জেলা সিএনজি অটোরিকসা শ্রমিক ইউনিয়ন। রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

ধর্মঘটের কারণে নগরীতে সারাদিন কোনো অটোরিকশা চলাচল করেনি। এতে যাত্রীরা পড়েন বিপাকে। নগরীর বিভিন্ন প্রবেশমুখে অটোরিকশা শ্রমিকরা অবস্থান নিয়ে বাইরে থেকে আসা অটোরিকশা নগরীতে প্রবেশে বাঁধা দেয়। রোগীবহনকারী অটোরিকশাও আটকে দেয় তারা। শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েন সাধারণ মানুষ।

অপরদিকে অটোরকিশা ধর্মঘটের দোহাই দিয়ে রিকশাসহ অন্য পরিবহন ভাড়া বাড়িয়ে দেয়। আতে আরো দূর্ভোগ বাড়ে যাত্রীদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.