Sylhet Today 24 PRINT

সিলেটে পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক, তেল বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০২৬

কয়েকটি পেট্রোল পাম্পে অপ্রীতিকর ঘটনার পর ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেটের সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ব্যবসায়ীরা।

দুই দফা দাবিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সোমবার রাতে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ জানান, আজ (সোমবার) আমার পাম্প, চৌকিদিখি এলাকার আরেকটি পাম্পসহ সিলেটের কয়েকটি পাম্পে অপ্যতিকর ঘটনা ঘটেছে। তেল না পেয়ে বিভিন্ন পাম্পে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের ঘটনা ঘটেছে। এমন নিরাপত্তাহীন অবস্থায় মোদের পাম্প চালু রাখা সম্ভব না।

তিনি বলেন, আমরা ডিপো থেকে চাহিদামাফিক তেল সরবরাহ পাচ্ছি না। ফলে গ্রাহকদের চাহিদামতো তেল দিতে পারছি না।

তিনি বলেন, দুই দফা দাবিতে আমরা আজ রাত থেকে আমরা সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার দুপুর ২টার মধ্যে পেট্রোল পাম্পে হামলাকারীদের গ্রেপ্তার ও ডিপো থেকে চাহিদামাফিক তেল সরবরাহের দাবি আমাদের।

এরআগে সোমবার (৯ মার্চ) ইফতারের পূর্বে নগরীর চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়ামে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মীচারীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক। আহত কর্মচারী মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে।

মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী বলেন, তেল নিতে আসা এক ব্যক্তিকে সিরিয়াল মেনে আসার অনুরোধ করা হলে তিনি তা অমান্য করেন। এই নিয়ে পাম্প কর্মীদের সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে তিনি চলে যান। কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এসে ছুরিকাঘাত করে চলে যায়।

এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.