Sylhet Today 24 PRINT

সুন্দরবন দিবসে সিলেটে বাপার ‘নাগরিকবন্ধন’

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

প্রকল্পবাজদের হাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানের মধ্য দিয়ে গতকাল রোববার সিলেটে সুন্দরবন দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা এ দিবসটি পালন করে ‘নাগরিকবন্ধন’ কর্মসূচির মাধ্যমে ।

রোববার বিকেল চারটায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নাগরিকবন্ধন চলাকালে সমাবেশও হয়। এতে পরিবেশবাদী ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন একাত্মতা প্রকাশ করে সুন্দরবন রক্ষায় সংহতি প্রকাশ করেন।

বাপা সিলেটের সহসভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে নাগরিকবন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, সারী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই আল হাদী।

সমাবেশের শুরুতে সুন্দরবন দিবস উপলক্ষে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির ‘সুন্দরবন রক্ষায় সরকার ও জাতিসংঘের প্রতি নাগরিক সমাজের আহবান’ পাঠ করেন সিলেটের মুক্তচিন্তার সংগঠক ‘নিনাই’ সভাপতি ও বাপা কর্মী তায়েফ আহমদ চৌধুরী।

এ আহবানের প্রতি সংহতি প্রকাশ করে নাগরিকবন্ধনে একাত্ম হন আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন অঙ্গীকার বাংলাদেশের সভাপতিমন্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ জালাল, নাগরিক মৈত্রীর আহবায়ক সমর বিজয় সী শেখর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য মোকাদ্দেস বাবুল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল সিলেটের কর্মসূচি ব্যবস্থাপক সুদর্শন পাল, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সংগঠক মোজাহিদুল ইসলাম মুনিম, দৈনিক সবুজ সিলেট এর বার্তা সম্পাদক ছামির মাহমুদ, নাট্যকর্মী দেবব্রত চৌধুরী লিটন সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.