Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা মহাসড়কের পাশের ডোবায় পড়েছিল মরদেহ

ওসমানীনগর প্রতিনিধি |  ১১ মার্চ, ২০২৬

প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত এক বভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার উত্তর গোয়ালাবাজারের সিলেট-ঢাকা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে পথচারীরা উত্তর গোয়ালাবাজার এলাকার একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন। পরে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের বর্ণনা ও পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে হতে পারেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।

মরদেহটির সঠিক পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরশেদুল আলম ভুঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে ডোবায় পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.