Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি |  ১১ মার্চ, ২০২৬

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাসেল মিয়া (২৬) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

কারাগার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন। বুধবার সকালে বাথরুমে পড়ে গেলে কারা চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন রাসেল মিয়া। বুধবার সকাল ৯টার দিকে আসামি ওয়ার্ড থেকে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে সকাল ১০টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়াকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পরদিন নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে রাসেল মিয়াসহ সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.