Sylhet Today 24 PRINT

আকস্মিক ঝড়ে বিপর্যস্ত কমলগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে ৩ট ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী আকস্মিক বজ্রসহ ঝড়ের তাণ্ডবে এই ক্ষয়ক্ষতি হয়।

জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রবৃষ্টি ও ঝড়ের কারণে গাছ ও খুঁটি ভেঙে বিদ্যুৎ লাইনের ক্ষতি সাধিত হয়। শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙে রাস্তায় পড়ে গেছে। এছাড়া অন্যান্য আরও কয়েকটি স্থানে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী ঝড়ে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। ফলে দুপুর থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের পর বিদ্যুৎ কর্মীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ জানান, কালবৈশাখী ঝড়ে কয়েকটি স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ভেঙে কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.