Sylhet Today 24 PRINT

‘তোমাদের জন্য ভালবাসা’

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

ভালবাসা দিবসে ভালবাসা ছড়িয়ে দিতে দেশব্যাপী নানা আয়োজন করা হয়েছে। তেমনি হাজারো আয়োজনের ভিড়ে প্রচারণাবিহীন এক অনন্য আয়োজন করেছে 'ইশকুল বাড়ি'।

কোন ফেসবুক ইভেন্ট বা মিডিয়ার প্রচারণা ছাড়া কেবলমাত্র আন্তরিকতা ও ভালবাসা নিয়ে, পরিবারের ভালবাসা ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ভালবাসার স্পর্শ দিতে নগরীর বাগবাড়িতে অবস্থিত ছোটমনি নিবাসে জড়ো হয় ইশকুল বাড়ির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। শিশুদের সাথে আড্ডা, গান, নাচ ও মধ্যাহ্নভোজনের মাধ্যমে ভালবাসা দিবস পালন করা হয়।

ইশকুল বাড়ির এ আয়োজনে অংশ নিতে পেরে অন্যরকম এক দুপুর কেটেছে বলে মন্তব্য করেন কবি নিপু মল্লিক ও নাট্যকর্মী আবু আজাদ।

ইশকুল বাড়ির সদস্য ও নাট্যকর্মী সুপ্রিয় দেব শান্ত এসেছিলেন সপরিবারে। তার শিশুকন্যা শশী এসে মিশে গিয়েছিল ছোটমনিদের সাথে।

শান্ত বলেন, ভালবাসা দিবসে এ অসাধারণ আয়োজনে নিজের পরিবার নিয়ে সম্পৃক্ত হতে পেরে ভাল লাগছে। আমার মেয়েরাও নিজের মনে মিশে গেছে ছোটমনিদের সাথে। পরিবারের ভালবাসা বঞ্চিত এ শিশুদের নিজের পরিবারেরই বলে মনে হয়েছে।

ভালবাসা দিবসে ইশকুল বাড়ির এ অনন্য আয়োজন সম্পর্কে ইশকুল বাড়ির প্রতিষ্ঠাতা সদস্য রুবেল আহমদ কুয়াশা বলেন, ইশকুল বাড়ি সকলের সংগঠন। মূলত শিশুদের নিয়ে কাজ করা এ সংগঠন এবারই প্রথম ভালবাসা দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে। পরিবার ভালবাসা না পাওয়া, ছোটমনি নিবাসে বড় হতে থাকা প্রায় ৫০টি শিশুর মধ্যে ভালবাসা ছড়িয়ে দিতে এ আয়োজন।

কুয়াশা আরও বলেন, এ আয়োজনে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা। সকলের ভালবাসা নিয়ে এ আয়োজন সারাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবে ইশকুল বাড়ি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.