Sylhet Today 24 PRINT

তুরস্কের সাথে সম্পর্ক আরও জোরদার করব: উপদেষ্টা হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। এছাড়া হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপস করা হবে না। প্রশাসনকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে এতে সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা প্রয়োজন, সরকার তা করবে। সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, তুরস্কের সাথে বিভিন্ন সেক্টরে কো-অপারেশন আছে। তাদের সাথে ঐতিহাসিক সম্পর্ক আমাদের, ব্রাদারলি সম্পর্ক আমাদের অনেক দিনের। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই সম্পর্কের সূচনা হয়েছিল। ইনশাআল্লাহ- এটাকে আমরা আরও জোরদার করব।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট- ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.