Sylhet Today 24 PRINT

সিলেটে ছিনতাই, অস্ত্র, হত্যা, মাদক ও চুরিসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

সিলেটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে অভিযান চালিয়ে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতরাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তালতলা পুরাতন সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মাসুদ আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেট নগরের শামীমাবাদ (নবাব রোড) এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.