Sylhet Today 24 PRINT

রপ্তানির চেয়ে আমদানি বেশি, ঘাটতি কমাতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি উল্লেখ্য করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বরেছেন, ভবিষ্যতে এ ঘাটতি কমাতে সরকার কাজ করবে।

সোমবার (১৬ মার্চ) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখননের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের মধ্যে সামঞ্জস্য রাখতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে। ঈদের পর এই কমিটি তাদের কার্যক্রম শুরু করবে।

বাজারে পাইকারি ও খুচরা দামের ব্যবধান প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই। তবে সেই ব্যবধান যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সৌদি আরব থেকে জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানির চাহিদা মেটাতে সরকার চুক্তির বাইরে নয়, বরং স্পট মার্কেট থেকে তেল কিনেছে।

এর আগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.