Sylhet Today 24 PRINT

পুলিশকে অবরুদ্ধ করে ‘মাদক ব্যবসায়ীদের’ ছিনিয়ে নিল সহযোগীরা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মার্চ, ২০২৬

সিলেটে পুলিশের হাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা।

মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে শাহপরাণ থানার দলইপাড়ায় এ ঘটনা ঘটে। তবে বুধবার (১৮ মার্চ) বিকালে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, দলইপাড়া আহমদের দোকানের সামনে একটি পিকআপকে (রেজি. নং ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৫) তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করে শাহপরাণ থানা পুলিশ।

এসময় শাহপরাণ থানার আলীবাগ এলাকার মো. ছামছু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও জাবেদ আহমদকে (২৬) আটক করা হয়।

তবে আটককৃতরা চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসে তাদের আরও অন্তত ২৫ থেকে ত্রিশ জন সহযোগী।

এই সহযোগীদের নেতৃত্বে ছিলেন, দলইপাড়ার মুছাব্বির আলীর ছেলে আব্দুল আহাদ কুটন (৪০) ও এনাম (৩৫), শহিদুল ইসলামের ছেলে সাকিব (২৪), আবুল মিয়ার ছেলে রেবুল (২৭), দত্তগ্রামের হোসেন মিয়ার ছেলে রোমান আহমদ (২৬) ও আফরোজ মিয়ার ছেলে রাজিব আহমদ (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই ৬ জনের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল তাদের পথ রোধ করে বাকবিতন্ডা শুরু করে। এই সুযোগে শহিদুল ইসলাম ও জাবেদ গাড়িয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুর আলম বলেন, এ ব্যাপারে শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের ধরতে জোরালো অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.