Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধার ঘর ভাঙচুর ও লুটপাটে ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ মার্চ, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদা না পেয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভেঙে আসবাবপত্র লুটপাটের ঘটনার মূলহোতা নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গ্রেপ্তার নিজাম উদ্দিনকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (১৫ মার্চ) রাতে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে আব্দুল গফফার বাদী হয়ে জগন্নাথপুর থানায় চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নিজাম উদ্দিনকে প্রধান আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। নিজাম উদ্দিন রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলার পর ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত ভূমি জোরপূর্বক দখলে চাঁদা না পেয়ে নিজাম উদ্দিনের নেতৃত্বে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.