নিজস্ব প্রতিবেদক | ২০ মার্চ, ২০২৬
সিলেটে অটোরিকশা যাত্রীদের চেতনানাশক দিয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে কতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মেহরুন বেগম (৩৯) ও তার স্বামী এইচ এ মঈনুদ্দিন (৬৫) মেন্দিবাগ থেকে সিএনজি অটোরিকশায় করে রিকাবীবাজার আসার পথে অজ্ঞাতনামা চারজন চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তাদেরকে অচেতন করে ফেলে। এরপর ১৪ আনা স্বর্ণের ১ জোড়া কানের দুল যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা ও নগদ ২১ হাজার টাকা নিয়ে নিয়ে জালালাবাদ গ্যাস অফিসের সামনে নামিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে এ ঘটনায় মেহরুন বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
আটককৃতরা হলেন- মোঃ নজরুল ইসলাম (৫০), জাকির হোসেন (২৭), দিগেশ বিশ্বাস প্রকাশ সুমন (৩০),ও দেলোয়ার খা (৩৪)।