Sylhet Today 24 PRINT

আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২১ মার্চ, ২০২৬

বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি।

তিনি বলেন, এটা কারো ব্যক্তিগত কৃতিত্ব না। আল্লাহর মেহেরবানি, সরকারের চেষ্টা ও সাধারণের মানুষের শৃঙ্খলার কারণে এটি সম্ভব হয়েছে। কেউ আতঙ্কিত হননি। এই শৃঙ্খলাবোধ স্থিতিশীলতার নিয়ামক, প্রাথমিক শর্ত।

শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এই জামাতে প্রবাসীকল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও অংশ নেন।

এসময় বাণিজ্য মন্ত্রী আরও বলেন, এই সরকার মানুষের মেন্ডেটপ্রাপ্ত একটি সরকার। বৈশ্বিক যে চাপ আসুক, তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে, জীবনযাপন যেন সহনীয় থাকে এটি হবে প্রধানতম লক্ষ্য। এজন্য সরকারি যত যন্ত্র ব্যবহার করা লাগে সেটা করতে কার্পণ্য করা হবে না।

প্রবাসীকল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজকে আমাদের অনেক প্রবাসী ভাই-বোনরা নানাবিধ সমস্যা রয়েছেন। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ যদি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কেউ গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহতায়ালা যেন প্রবাসের যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে আমাদের মধ্যে ফিরে আসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।

শাহী ঈদগাহের এই ঈদ জামাতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ লাখো মানুষ নামাজ আদায় করেন।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্ন আধুনিক নগর গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আমরা একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক নগর গড়ার লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সহায়তায় আমরা একটি আধুনিক ও উন্নত সিলেট গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।

সিলেটে এবার মোট ২ হাজার ৯৫৮টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় অনুষ্ঠিত হয় ৩৯৬টি জামাত। প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন বরুণার পীর নামে পরিচিত মুফতি রশিদুর রহমান ফারুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.