Sylhet Today 24 PRINT

নানা বাড়িতে ঈদের আনন্দ মুছে দিল সড়ক দুর্ঘটনা, ঝরল শিশুর প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২৬

প্রতীকি ছবি

ঈদের আনন্দঘন দিনে নেমে এল গভীর শোকের ছায়া। নবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মিম আক্তার (৮) নামে এক শিশু।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় মিম।

মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে। জানা যায়, ঈদ উপলক্ষে সকালে মায়ের সঙ্গে সে নানার বাড়ি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে আসে। বিকেলে সেখান থেকে টমটমযোগে নবীগঞ্জ শহরের ছালামতপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় আকস্মিকভাবে নিয়ন্ত্রণহীন একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকে—একটি নিষ্পাপ প্রাণ হারানোর বেদনায় স্তব্ধ হয়ে পড়ে পরিবার ও স্বজনরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.