নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০২৬
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি বাউল গানের আসরে হামলা চালিয়েছে স্থানীয় একদল লোক। হামলায় ওই অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
রোববার রাতে উপজেলার শ্রীপুর গ্রামে ইবরাই শাহ মাজারের পাশে এ হামলার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামপাশা ইউনিয়নের ইবরাই শাহ মাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় এবারও তিন দিনব্যাপী বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রোববার রাতে অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে শতাধিক লোক সংঘবদ্ধভাবে সেখানে হামলা চালায়।
হামলার কিছু ভিযিও চিত্র ঘটনার পরপরই অনলাইনের ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, হামলাকারীরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’, ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’ স্লোগান দিয়ে হামলা চালায়। তাদের কয়েকজনের হাতে লাঠিসোটা ঠিলো। তারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। মঞ্চে থাকা বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভেঙে ফেলে হামলাকারীরা। আচমকা আক্রমণে ভয়ে অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যান আয়োজক ও মাজার ভক্তরা।। এতে অনুষ্ঠান সম্পূর্ণভাবে পণ্ড হয়ে যায়। ভাঙচুর চালানোর পর হামলাকারীরা মিছিল করে অননুষ্ঠানস্থল ত্যাগ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।
সোমবার রাতে তিনি সিলেটটুডেকে বলেন, ঘটানাটি মাজারে নয়, মাজার থেকে দূরে ভক্তদের একটি প্যান্ডেলে ঘটেছে। রাতে লাউড স্পিকারে গানবাজানা করায় এলাকাবাসীর সমস্যা হচ্ছিলো তাই তারা বন্ধ করে দিয়েছেন।
হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। তবে কোননপক্ষই আমাদের কাছে অভিযোগ করেনি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করে ফেলা হচ্ছে।