Sylhet Today 24 PRINT

সুষ্ঠু ভোট হয়েছে বলিনি, তবু মেনে নিয়েছি: মৌলভীবাজারে জামায়াত আমির

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে ‘সেটা আমরা বলিনি’, তবে দেশের স্বার্থে ফল মেনে নেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সংসদের বিরোধী দলীয় নেতা বলেছেন, “দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা আমরা বলিনি। আমাদের অন্য কথা আছে। তবে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। যাতে দেশ অচল না হউক।”

সোমবার দুপুরে নিজ বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় গ্রামবাসী এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, “আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র দেড় বছর হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা। এ মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মত হউক।

সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে সরকার দলীয় প্রশাসক নিয়োগ দেওয়ার সমালোচনা করে জামায়াত আমির বলেন, “এখনতো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফিরে এসেছে। এখন কেন বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, এখন নির্বাচন দেওয়া উচিত।

তিনি বলেন, নিয়োগ করা প্রশাসকদের কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা একটা দলের কাছে থাকতে পারে, তবে আমরা একটা দলের কাছে দায়বদ্ধতা দেখতে চাই না। আমরা দেখতে চাই জনগণের কাছে তাদের দায়বদ্ধতা।

অনতিবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

সংসদ নির্বাচনের পর নিজ এলাকায় জামায়াত আমিরের এ সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। প্রিয় নেতাকে বরণ করে নিতে শত শত কর্মী-সমর্থক মুমিনছড়া চা বাগান এলাকায় জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে বাড়িতে যান তারা।

পরে জামায়াত আমির সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামির আলীসহ জেলা ও উপজেলার জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.