Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ, আক্রান্ত বেশিরভাগই শিশু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর  |  ২৬ মার্চ, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিতে আসছে। এর মধ্যে বেশির ভাগই দুই বছরের কম বয়সী শিশু।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, মূল ভবনের সামনে তিনটি বুথে রোগী ভর্তি কার্যক্রম চলছে। নার্সরা রোগী ভর্তি নিচ্ছেন এবং চিকিৎসকেরা সেবা দিচ্ছেন। বুথগুলোর সামনে শিশুকে কোলে নিয়ে অপেক্ষা করছেন তাদের মা-বাবা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাদের।লাইনে দাঁড়িয়ে থাকা উপজেলার পাইলগাঁও থেকে আসা এক বছর এক মাস বয়সী শিশু রিমার মা ফাইমা বেগম বলেন, ‘তিন দিন ধরে বমি ও পাতলা পায়খানা হচ্ছে। আজ সকালে হাসপাতালে নিয়ে এসেছি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় চলতি শীতে প্রায় ২০ শতাংশ বেশি রোগী আসছে। গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ জন রোগী ভর্তি হচ্ছে। উপজেলার বাইরের এলাকা থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসছেন।চিকিৎসকেরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পর শিশুর ওজন অনুযায়ী স্যালাইন খাওয়াতে হবে। ৫ মিলিলিটারের চামচ দিয়ে মেপে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের ঠান্ডা থেকে দূরে রাখা, নিয়মিত বুকের দুধ খাওয়ানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

তারা আরও বলেন, শিশু দুর্বল হয়ে পড়লে, খেতে না পারলে, পানিশূন্যতা দেখা দিলে, তীব্র জ্বর, পায়খানায় রক্ত বা খিচুনি হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।হাসপাতালে বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত প্রায় ১০০ শিশু ভর্তি আছে বলে জানা গেছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রায় বলেন, প্রতিদিনই ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তাদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের ইনচার্জ দিলরুবা বলেন, ‘প্রতিদিনই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.