Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই, ৩ ঘণ্টা পর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের হেফাজত থেকে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে প্রায় তিন ঘণ্টা পর ওই আসামি থানায় আত্মসমর্পণ করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নতুন মেঘারগাঁও গ্রামের রহিমার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। ছিনিয়ে নেওয়া আসামি আলী হোসেন (৪০) একটি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত। আসামি আলী হোসেন ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢালা নদীর পাশে তাস খেলতে থাকা অবস্থায় আলী হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানায় নেওয়ার পথে রহিমার বাজার এলাকায় পৌঁছালে একদল লোক পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়।

অভিযোগ রয়েছে, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুলের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলায় পুলিশের উপ-পরিদর্শক সাগরসহ অন্তত তিন কনস্টেবল আহত হন।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো গ্রাম ঘিরে ফেলা হয়। পরে পুলিশ আধা ঘণ্টার মধ্যে আসামিকে থানায় হাজির করার আল্টিমেটাম দেয়। এ সময় আসামি ও অভিযুক্ত নেতার কয়েকজন আত্মীয়কে থানায় নিয়ে যাওয়া হয়।

শেষ পর্যন্ত রাত ১০টার দিকে আলী হোসেন থানায় আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আনার সময় এলাকাবাসী আসামিকে ছিনিয়ে নেয়। শেষে আলী হোসেন থানায় আত্মসমর্পণ করেন।আজ তাকে আদালতে নেওয়া হবে।

অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক প্রত্যক্ষদর্শী ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছে এলাকায় এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এর আগে ঈদের আগের দিন একই উপজেলায় শাহ আরফিন টিলা এলাকা থেকে কালা মিয়া নামের আরেক আসামিকেও হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.