Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

সুনামগঞ্জ আমলগ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানীর মামলা দায়ের করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম।

সোমবার সকালে আদালত তার দায়েরকৃত মামলাটি গ্রহণ করলেও এখনো কোন আদেশ দেননি।

মামলার বিবরণে সৈয়দ আবুল কাশেম উল্লেখ করেন, মাহফুজ আনাম ২০০৭ সালে একটি গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত মিথ্যা তথ্যের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে একটি মানহানীকর সংবাদ প্রকাশ করেন। এই সংবাদ প্রকাশের পর শেখ হাসিনার দেশ বিদেশে ভাবমূর্তি ক্ষুন্ন হয়। গত ৬ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে মাহফুজ আনাম তার ভূুল স্বীকার করেন। পরবর্তীতে গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদ্য মাহফুজ আনামের বিচার এবং ডেইলি স্টার বন্ধের দাবি জানান।

মামলার বিবরণে বাদী আরো উল্লেখ করেন, মাহফুজ আনামের স্বীকারোক্তি এবং জাতীয় সংসদে সাংসদদের প্রতিবাদ সংক্রান্ত খবর গত ৮ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক কালের কণ্ঠে পড়ে তিনি এসব ঘটনা জানতে পেরে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। ডেইলি স্টারের মানহানিকর সংবাদে বাদীর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ১শ কোটি টাকার মানহানী হয়েছে বলে তিনি মামলায় উল্লেখ করেন।

মাহফুজ আনাম দ-বিধি ৫০০/৫০১/৫০২ এবং ৫০৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ করায় বাদী সৈয়দ আবুল কাশেম মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানান।

মামলার আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম বলেন, আমরা সোমবার সকালে আদালতে মামলা দায়ের করেছি। মাননীয় আদালত মামলাগ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত কোন আদেশ দেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.