Sylhet Today 24 PRINT

ইলিয়াস আলী কোথায়: সংসদে লুনা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০২৬

২০১২ সালে গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তাঁর স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবিও করেন তিনি।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদে এই দাবি উত্থাপন করেন। তিনি বলেন, ‘মহান সংসদে দাঁড়িয়ে আমি জানতে চাই, ইলিয়াস আলী কোথায়?’

তাহসিনা রুশদীর ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘ইলিয়াস ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি এক বছরেরও বেশি সময়—প্রায় দেড় বছরের কাছাকাছি, আমরা এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়?’

তাহসিনা সংসদে স্পিকারকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাদের নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা এখনও জানি না, তাদের অবস্থান কী ও তাদের পরিণতি কী।’

এ সময় তাহসিনা গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার, গুম হওয়া পরিবারগুলোর আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের জোর দাবি জানান। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরে গুম ও খুনের শিকারদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন।

রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে লুনা বলেন, ‘রাষ্ট্রপতি বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের ভূমিকা এবং গুম-খুনের সঠিক চিত্র তুলে ধরেছেন...আমরা আশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠিত হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.