Sylhet Today 24 PRINT

চুনারুঘাট পৌরশহরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূর্ভোগ

চুনারুঘাট প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বাস্তবে এ পৌরসভার চিত্র একেবারেই ভিন্ন। ড্রেনেজ ব্যবস্থার অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পৌরসভার সাহিত্য নিকেতন আবাসিক এলাকার সড়ক।

সড়কটির পাশে উপজেলা পরিষদ, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান থাকায় এবং তাছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসী।

সরেজমিনে দেখা যায়, সাহিত্য নিকেতন আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবৎ কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। যার ফলে এ আবাসিকের বাসাবাড়ির পয় নিষ্কাশনের পানি নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। সংশ্লিষ্ট সূত্র জানায়, যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় পৌরসভার বেশিরভাগ খাল দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। যত্রতত্র স্থাপনা হওয়ায় একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি, অন্যদিকে পানির গতি বাধাগ্রস্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে খাল। ফলে পৌরসভায় বেড়েছে জলাবদ্ধতা। পাশাপাশি ড্রেনগুলোকে ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে পৌরসভার খাল ও ড্রেনগুলো যেন পরিণত হয়েছে মশা আর রোগ-জীবাণুর কারখানায়।

অনুসন্ধানে দেখা যায়, সাহিত্য নিকেতন আবাসিকের বাসাবাড়ির ব্যবহার্য ময়লা পানি পেছনের দিকে খালি জায়গাগুলোতে গিয়ে পড়ে। মাঝে মাঝে সামনের চলাচলের পথও ভেসে যায়। যার ফলে দূর্গন্ধ ও পরিবেশ বিপর্যেয় জনজীবন হুমকির মুখে পড়েছে। পৌর বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, চুনারুঘাট পৌরসভার বেশ কয়েকটি আবাসিক এলাকার ড্রেনগুলো ডাস্টবিনে পরিণত হয়েছে। সঠিক সময়ে পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় বৃষ্টির পানি ড্রেনগুলোতে জমে থাকছে। এতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিটা ড্রেন ময়লা- আবর্জনায় ভরে রয়েছে। কর্তৃপক্ষের দৃষ্টি না থাকায় এগুলো পরিষ্কার করা হচ্ছে না।

এ বিষয়ে চুনারুঘাট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী টিটন দাস বলেন, ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম চলছে। জনদুর্ভোগ লাগবে দ্রুত এই সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.