হবিগঞ্জ প্রতিনিধি | ৩০ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকানের বাকির টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে মালামাল ক্রয় করেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। দোকানদার জালাল মিয়া দাবি করেন, তার কাছে ১৮৫ টাকা পাওনা রয়েছে। অন্যদিকে ক্রেতা রসম আলী বলেন, তিনি মাত্র ৩০ টাকা দেনা আছেন।
এ বিষয়কে কেন্দ্র করে প্রথমে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
বিষয়টির নিশ্চিত করে হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।