Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ৩১ মার্চ, ২০২৬

​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ও করণীয় বিষয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শহরের একটি হোটেলের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ এন্ড বায়োডাইভার্সিটি (বিপনেট) সিলেট চ্যাপ্টার এর আয়োজনে এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর সহযোগীতায় কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।
​
​অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপনেট এর সহ-সম্পাদক জিডিশন প্রধান সুছিয়াং। মুক্ত আলোচনা পর্বে বক্তারা বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির ভয়াবহতা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক জলবায়ু পরিবর্তনের প্রভাবে চা বাগানে জীবনযাত্রার পরিবর্তন ও ঝুঁকি বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

​বন নীতি এবং বন্যপ্রাণী সংরক্ষণের কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা করেন বিপনেট সেক্রেটারিয়েট সুদীপ্ত চাকমা ও মিঠুন কুমার উরাও।

​কর্মশালায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
​
​কর্মশালায় বিপনেট-এর পক্ষ থেকে জানানো হয় যে,এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো ​জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি করা। প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় স্থানীয় আদিবাসী ও সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করা। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে স্থানীয় পর্যায়ে টেকসই পদক্ষেপ গ্রহণ করা।

​বক্তারা জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে হলে স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদ সংরক্ষণের কোনো বিকল্প নেই। দুই দিনব্যাপী এই কর্মশালাটি আগামীকাল দুপুরে সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.