Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যা: গ্রেপ্তারের পর ২ আসামি জেলহাজতে

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আলোচিত কিশোর জুনায়েদ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীসারকুল গ্রামের মোঃ ছুরুত আলীর (ওরফে ছুরুক) পুত্র মো. মারুফ (২৪) এবং একই এলাকার তোরাব মিয়ার পুত্র মো. জুয়েল মিয়া (২৭)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা (নং-২৪, তারিখ: ৩১/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, ‘হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.