Sylhet Today 24 PRINT

মোবাইল কোর্টের জরিমানাকে ‘চাঁদাবাজি’ আখ্যা দিয়ে সিলেটে পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০২৬

ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট আহ্বান করা হয়েছে।

বুধবার রাত থেকে ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

এরআগে বুধবার দুপুরে নগরের একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অতিরিক্ত পেট্রোল মজুদের অভিযোগে জরিমানা করে জেলা প্রশাসন।

জুবায়ের আহমদ চৌধুরী বলেন, মোবাইল কোর্টের অভিযানের নামে পেট্রোল পাম্পে চাঁদাবাজি করা হচ্ছে। প্রতিদিনই এমন অভিযান চালানো হচ্ছে। এমনিতেই চাহিদামাফিক জ্বালানী তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। তারউপর এমন ‘চাঁদাবাজি’ চলতে থাকলে ব্যবসা করা সম্ভব না। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।

পেট্রোল পাম্প মালিক সংগঠনের একাধিক নেতা জানান, পাম্পে অভিযান পরিচালনা, জরিমানা আদায় ছাড়াও জ্বালানী তেল বিক্রিতে প্রশাসনের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে পাম্প মালিকরা ক্ষুব্ধ। ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েনসহ সরকারি এসব সিদ্ধান্ত জ্বালানী ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের। এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও অসহযোগীতার অভিোগ তাদের।

এরআগে বুধবার দুপুরে সিলেটে সরকার নির্ধারিত পরিমাণের বেশী পেট্রোল মজুদ রাখার কারণে নগরের এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস নামের একটি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.