Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় বাঁধ কাটা নিয়ে দু পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

শনিবার দুপুরে সদর উপজেলার ডাকুয়ার হাওরের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরের এই বাঁধ নিয়ে স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিলো।এনিয়ে শনিবার সকালে মোহনপুর গ্রামের লোকজন ও নোয়াগাঁও এলাকার লোকজনকে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার বৈঠক করেন। তিনি বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করেন। এরপরই একটি পক্ষের লোকজন জোরপূর্বক বাঁধ কেটে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অপরপক্ষ বাঁধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে।
এতে আলী আহমদ্দ, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে।

মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, তাদের গ্রামের লোকজন বাঁধ কাটায় বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়, এতে বেশ কয়েকজন আহত হন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ জানান, ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এক পক্ষ তা উপেক্ষা করে বাঁধ কেটে দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, যারা বাঁধ কেটে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যত সময় ধরে পরিস্থিতি স্বাভাবিক হয় না তত সময় ১৪৪ ধারা জারি থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.