Sylhet Today 24 PRINT

হাওরে তলিয়ে গেছে ৫০০ একর জমির বোরো ফসল

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওর এলাকায় চৈত্র মাসের টানা বৃষ্টিতে প্রায় ৫০০ একর বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ আশপাশের হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতিবছরই এমন ক্ষতির মুখে পড়তে হয়। আগাম বন্যা ও অতিবৃষ্টির হাত থেকে ফসল রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সরেজমিন দেখা যায়, কৃষক আহ্লাদ মিয়া ঋণ নিয়ে ৮ বিঘা জমি বর্গা নিয়ে বোরো চাষ করেছিলেন। গত শুক্রবার থেকে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির উচ্চতা বাড়তে থাকায় তার জমি রক্ষার সব চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তার পুরো জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে ঋণ পরিশোধ ও পরিবারের ভরণ-পোষণ নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আরো অনেক কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ চক্রবর্তী জানান, ৬ বিঘা জমিতে চাষ করা তার ধানও পানিতে তলিয়ে গেছে। ফলে ঋণ শোধ ও সংসার চালানো নিয়ে তিনি অনিশ্চয়তায় পড়েছেন।

কৃষক কুটি মিয়া বলেন, ‘চোখের সামনে ফসল তলিয়ে যাবে ভাবিনি, এখন সারা বছর কিভাবে চলব তা বুঝতে পারছি না।’

এদিকে হুগলির হাওর ছাড়াও বাদেশ্বরা, বালি ও ব্যাঙ্গা হাওর চরম ঝুঁকিতে রয়েছে। আরো ভারি বৃষ্টি হলে এসব এলাকার হাজার হাজার একর ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, গত এক সপ্তাহ ধরে বাঁধ উপচে বিভিন্ন হাওরে পানি প্রবেশ করছে, যার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সরকারি সহায়তা কামনা করেন।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে,

হবিগঞ্জের লাখাই উপজেলায় ১০/১২ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে মৌসুম শুরু হলেও বিস্তীর্ণ এলাকায় ধান পরিপক্ক না হওয়ায় পুরোদমে ফসল কাটা শুরু হয়নি।

লাখাই উপজেলায় ১১ হাজার ২শ ২০ হেক্টর ফসল আবাদ করা হয়েছে।

নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এটি ৭০ হেক্টর বেশি। উল্লেখিত চাষাবাদকৃত জমিতে সংশ্লিষ্ট বিভাগ ৫ লক্ষ ২২ হাজার ১শ ৯ মেট্টিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য্য করেছে।

লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, "ধলেশ্বরী নদীতে পানি বাড়ছে গত কয়েকদিন ধরে। লাখাই ইউনিয়নে শিবপুর, স্বজনগ্রাম এলাকায় প্রায় ৬ হেক্টর বোরো জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে সব জমি নদীর পাড়ে নিম্ন জায়গায় রোপন করা হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা , শহর-সংরক্ষণ পানি উন্নয়ন শাখা (আজমিরীগঞ্জ, লাখাই) মো: মাসুম চৌধুরী বলেন লাখাইয়ে পানিতে জমি তলিয়ে গেছে আমাদের কেউ জানায় নি। তবে এ পানি জলবদ্ধতার কারণে হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.