Sylhet Today 24 PRINT

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে উত্তোলিত ৯৬ হাজার ৮'শ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার জালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাথর জব্দ করা হয়। পরে এগুলো স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন থেকে শাহ আরেফিন টিলা কেটে মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। গত ২০২৪ সালের ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হয় অবাধে পাথর উত্তোলন। এসময় শাহ আরেফিন (রঃ) এর মাজার, কবরস্থান ও খেলার মাঠ ধ্বংস করে পাথর উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানেও বন্ধ হয়নি এসব পাথর উত্তোলন। গত মাসে যৌথবাহিনীর অভিযানে ৩৯টি ট্রাক্টর আটক করে মামলা দেওয়া হয়। এর পর গর্ত থেকে পাথর উত্তোলন ও বড় ট্রাক্টর গাড়ি দিয়ে পাথর পরিবহন বন্ধ রয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সদস্যগণের উপস্থিতিতে মোবাইল কোর্টের অভিযানে ৯৬ হাজার ৮০৮ ঘনফুট পাথর জব্দ করা হয়। পরে এই পাথরগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য এর জিম্মায় রাখা হয়েছে। এই পাথরগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.