Sylhet Today 24 PRINT

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০২৬

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছেন।

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকরের শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমদ তালুকদার (৩৫) ও জৈন্তাপুর উপজেলার যশপুরের হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল নগরের জিন্দাবাজারস্থ রাজাম্যানশনের সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরের উপশহর এলাকা থেকে চোরচক্রের সর্দার কয়েছ আহমদ তালুকদারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.