নিজস্ব প্রতিবেদক | ১২ এপ্রিল, ২০২৬
বাণিজ্য ও শিল্প মন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষ যত্ন প্রয়োজন। কিন্তু আমাদের দেশে তা এখনো নিশ্চিত করা যায়নি। আমি সারাদেশে না পারি, সিলেটের অন্তত সরকারি হাসপাতালসহ সব সরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে, বিশেষ শিশুদের বিশেষ যত্ন নেওয়ার জন্য অনুরোধ করবো। যে কোন ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দিতে বলবো।
শনিবার সন্ধ্যায় সিলেটে বিশেষ শিশুদের চিত্রপ্রদর্শনী: 'বিশেষ প্রতিভা, অসীম সম্ভাবনা' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করে সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন। নগরের টিবি গেইটে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের অরবিন্দ দাসগুপ্ত ভবনে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি বলেন, বিশেষ শিশুদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে এসে এই শিশুদের পাশে দাঁড়াতে হবে, যাতে তারা তাদের সক্ষমতা অনুযায়ী নিজস্ব অবস্থান তৈরি করতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়াও জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে এ আয়োজনের প্রতি সংহতি প্রকাশ করেন। তাঁদের মধ্যে ছিলেন বদরুজ্জামান সেলিম, রেজাউল হাসান কয়েছ লোদী, এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব কাদির শাহী, সৈয়দ সাফেক মাহবুব, সিদ্দিকুর রহমান পাপলু, কামরুন্নাহার চৌধুরী তিন্নি, আবুল কাশেম, সৈয়দ জাকির, আব্দুল মুমিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের সভাপতি হ্যারল্ড রশিদ চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য শামসুল বাসিত শেরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যান্ড্রুজ বিশ্বাস পাপ্পু।
এছাড়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আতাউল গনি উমন, সঞ্জীব চৌধুরীসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে প্রধান শিক্ষক ইসমাইল গনি হিমন, সিনিয়র শিক্ষক ঈশিতা রায়, রুমা বেগম, নাহিদুল ইসলাম, রেজাউল করিম, জহুরা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করেন।
অনুষ্ঠানে “গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল ফ্রেন্ড”-এর সভাপতি জমির আহমেদসহ অভিভাবক প্রতিনিধিরা আবেগঘন বক্তব্য প্রদান করেন। তারা বিশেষ শিশুদের শিক্ষা, থেরাপি, যাতায়াত এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে নানা বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন, যা উপস্থিত সকলকে গভীরভাবে নাড়া দেয়।
এই চিত্রপ্রদর্শনীতে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের ৬২ জন বিশেষ শিশু তাদের নিজ হাতে আঁকা চিত্রকর্ম উপস্থাপন করেছে। প্রতিটি চিত্রকর্মে ফুটে উঠেছে তাদের মনের ভাবনা, অনুভূতি, কল্পনা এবং স্বতন্ত্র সৃজনশীলতা। দর্শনার্থীরা শিশুদের কাজ দেখে মুগ্ধ হন এবং তাদের অসীম সম্ভাবনার এক নতুন দিগন্ত প্রত্যক্ষ করেন।
আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো সমাজে বিশেষ শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং তাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরা। তারা বিশ্বাস করেন, সঠিক সুযোগ ও সহায়তা পেলে এই শিশুরাও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
উল্লেখ্য, প্রদর্শনীটি আগামী ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা সকলকে এই অনন্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।