Sylhet Today 24 PRINT

সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০২৬

সিলেট বিভাগ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির অন্তত এক ডজন নেত্রী। বিএনপি নেত্রীদের পাশাপাশি দলটির প্রয়াত নেতাদের সন্তানরাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। সিলেট থেকে ১ থেকে দুজনকে দলীয় মনোনয়নে নারী সংসদ সদস্য করা হতে পারে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত সিলেট বিভাগের যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা সকলেই দলীয় মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন। দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলে বাকীরা নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র জমা দিবেন না। সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল।

এখন পর্যন্ত সিলেট বিভাগের যেসব নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সাবেক প্রধামন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, প্রয়াত যুক্তরাজ্য বিএনপি নেতা কমর উদ্দিনের মেয়ে ছাবিনা খান, সুনামগঞ্জের ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, এডভোকেট তহমীনা আকতার হাসেমী, বিএনপির কেন্দ্রীয় সদস্য এডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) এবং মুনমুন তালুকদার।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। এরপর মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের তারিখ ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.